মাধ্যমিক ইতিহাস সাজেশন
মাধ্যমিক ইতিহাস ৪ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ
প্রশ্ন : জাতীয় শিক্ষা পরিষদ এর প্রতিষ্ঠা এবং ভারতীয় শিক্ষার প্রসারে এর ভূমিকা আলোচনা করো ।
টীকা লেখ : জাতীয় শিক্ষা পরিষদ
উত্তর :
সূচনা : ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে স্বদেশী বা জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রসারের উদ্যোগ নেয়া হয় এবং এই উদ্দেশ্যে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে ওঠে তাদের মধ্যে অন্যতম হলো জাতীয় শিক্ষা পরিষদ।
প্রতিষ্ঠা:- সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ৯২ জন সদস্য নিয়ে স্বদেশী ধাঁচের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ১৯০৬ খ্রিস্টাব্দে কলকাতায়। সম্ভবত 'জাতীয় শিক্ষা' কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্নকুমার ঠাকুর।
উদ্দেশ্য : জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য গুলি ছিল - জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রদান করা, শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা, নৈতিক শিক্ষা দান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি।
বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ : জাতীয় শিক্ষা পরিষদের অধীনে স্বদেশী প্রথায় শিক্ষাদানের উদ্দেশ্য ১৯০৬ খ্রিস্টাব্দে ১৫ ই আগস্ট প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এর অধ্যক্ষ নিযুক্ত হন বিপ্লবী অরবিন্দ ঘোষ। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন এর সুপারিনটেনডেন্ট । রাধা কুমুদ মুখোপাধ্যায়, বিনয় কুমার সরকার, হারান চন্দ্র চাকলাদার প্রমূখ খ্যাতনামা শিক্ষকরা এখানে শিক্ষা দান করতেন।
জাতীয় বিদ্যালয়: জাতীয় শিক্ষা পরিষদের প্রেরণায় বাংলায় বিভিন্ন স্থানে জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে। ১৯১০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বিভিন্ন ধনবান ব্যক্তি আর্থিক সহায়তায় শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এই বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ।
মূল্যায়ন: পরিশেষে বলা যায় জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান পড়াশোনা করে বহু শিক্ষার্থী স্নাতক হয়ে পরবর্তী জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। এইসব প্রাক্তন ছাত্র দের নিয়ে ১৯২১ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ ছাত্র সংঘ প্রতিষ্ঠিত হয়। ভারতবর্ষের জাতীয় শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন